ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ, ঢাবি মেডিকেল সেন্টার নিয়ে আসিফ নজরুলের ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সেবাব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি মেডিকেল সেন্টারের ফিজিওথেরাপি সেবার অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।
আজ রবিবার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ নজরুল জানান, দীর্ঘ সময় বসে বা ঘুমিয়ে থাকলে তার হাঁটুর উপরের মাংসপেশিতে ব্যথা হয়। এ কারণে তিনি কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি নিচ্ছিলেন।
তিনি লেখেন, শুক্র ও শনিবার মেডিকেল সেন্টার বন্ধ থাকায় ব্যথা আরও বেড়ে যায়। রবিবার ক্লাস শেষে দ্রুত সেখানে গেলেও ফিজিওথেরাপি দেওয়ার কাউকে পাননি। পরে জানতে পারেন, বিশ্ববিদ্যালয়ের এক নতুন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে সেবাকর্মীরা দায়িত্বস্থল ছেড়ে গেছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, নতুন নিয়োগ পাওয়া ওই কর্মকর্তা তার “ছোট ভাই তুল্য” এবং একজন ভালো গবেষক ও পরোপকারী মানুষ। এমনকি তিনি ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন। তারপরও এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল।
মেডিকেল সেন্টারের পরিস্থিতি বর্ণনা করে তিনি লেখেন, “বারান্দা ভর্তি ঘোরাফেরা করছে রোগী, সাথের লোকজন। ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ সেখানে।”
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা ও দায়িত্বে অবহেলার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
(ঢাকাটাইমস/১০ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































