বিজয় সরণির কলমিলতা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ব্যস্ততম এলাকা বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুনের সূত্রপাত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও আশপাশের মানুষের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ৫টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণের পরও ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি ও সতর্কতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে পুড়ে যাওয়া দোকানগুলোর মালপত্র সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। আগুনে অনেক দোকানের মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে। ঘটনার পর উৎসুক জনতার ভিড় দেখা যায় বিজয় সরণি মোড়ে।
(ঢাকাটাইমস/১৯ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































