মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডারের স্ত্রী ফারাহ দীবা হত্যাকাণ্ডের ঘটনায় দুই বছর পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২০২৪ সালের অক্টোবর মাসে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১০ নম্বর এভিনিউয়ের ১০ নম্বর রোডের একটি বাসা থেকে ফারাহ দীবার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফারাহ দীবা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী।
বৃহস্পতিবার বিকালে র্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, ২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা প্রধান আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে। সেখানে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































