কতটা উন্নত হলো ঢাকার বায়ুদূষণ

ঢাকায় আজকাল প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। ধুলোবালি আর হালকা আবর্জমান ভুয়ে যা্চ্ছে বৃষ্টির পানিতে। এর প্রভাবও পড়ছে রাজধানী ঢাকার বায়ুমানে। চলমান বর্ষা মৌসুমে রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।
আজ শুক্রবার (২৬ জুন) সকালে আইকিউএয়ারের সর্বশেষ সূচক অনুযায়ী, ঢাকার বায়ুমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স- এএকিউআই) স্কোর ছিল ৭৫। এই বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে। এ সময়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ১৯তম।
তবে সাময়িকভাবে সূচকে কিছুটা উন্নতি দেখা গেলেও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদে স্বস্তি মিলবে না বলে বিশেষজ্ঞদের মত।
আজ দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা উগান্ডার কাম্পালার স্কোর ১৭৭। আর ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এর পরের তিনটি বায়ুদূষিত শহর চিলির সান্তিয়াগো (স্কোর ১২৩), ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা (১১৯ স্কোর) এবং বাহরাইনের মানামা( স্কোর ১৩৭)।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
ঢাকার বায়ুদূষণের পেছনে দীর্ঘদিন ধরেই একাধিক উৎস সক্রিয় রয়েছে বলে বিশেষজ্ঞদের মত। যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া, বিভিন্ন এলাকায় চলমান নির্মাণকাজের ধুলাবালি এবং শিল্পকারখানার নির্গমন মিলেই রাজধানীর বায়ুমানকে এই নাজুক অবস্থায় ঠেলে দিচ্ছে।
(ঢাকাটাইমস/২৬জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































