সালিশে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ০০:২২
অ- অ+

রাজধানীর আদাবর থানাধীন নবোদয় বাজারে একটি সালিশ চলাকালে ধারালো অস্ত্রের হামলায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে আদাবর থানার নবোদয় বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবুল বাসার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। আহত হয়েছেন একই ইউনিটের সভাপতি মো. সাদ্দাম (৩৫)। হামলার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাদ্দামের চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় একটি ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে হইচই করলে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এরই জেরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজারে রঞ্জুর দোকানে বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিচার-সালিশ বসে। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুমসহ কয়েকজন ধারালো ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হাবিবুর রহমানের পক্ষের লোকজন এবং নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশার ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত রিপন, নিরব, পারভেজ ও মাসুম এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা স্থানীয় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজের অনুসারী। তবে এ বিষয়ে মিরাজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার
আ. লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা
কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১-এ কল, যাত্রীবাহী লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা
আস-সুন্নাহ ফাউন্ডেশন ও শায়খ আহমাদুল্লাহর নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা