চোখ ধাঁধানো পাটপণ্য, আছে পাটের ঢেউটিন

লেখা ও ছবি: শেখ সাইফ
  প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ২০:৫৮| আপডেট : ১০ মার্চ ২০১৭, ২২:৫০
অ- অ+

মেলায় ঢুকতে গিয়ে চোখ আটকে গেল নান্দনিক কারুকার্যে। পাটের উপাদান দিয়ে এত সুন্দর গেট। ভেতরে অপেক্ষা করছে আরো চমক। মন জুড়িয়ে যাওয়া চোখ ধাঁধানো সব পাটপণ্য। বর্ণিল আলোও জ্বলছে পাটপণ্যে শোভিত হয়ে। প্রদর্শিত হচ্ছে পাটের ঢেউটিন, পাটপাতার চা থেকে পাটের পলিথিন ব্যাগ পর‌্যন্ত।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বসেছে তিন দিনের বহুমুখী পাটপণ্যের মেলা। প্রতিদিন সকাল ১০টা খোলে মেলার ফটক, বন্ধ হয় রাত ৮টায়। শুক্রবার ছিল মেলার দ্বিতীয় দিন। এই ছুটির দিনে লোকসমাগমে সরগরম হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, রঙিন কারুকার্যে দৃষ্টিনন্দন পাটপণ্য দিয়ে সাজানো প্রতিটি স্টল। দর্শনার্থীরা স্টলে স্টলে ঘুরে পাটের তৈরি নানা জিনিস দেখছেন। সেই সঙ্গে কিনে নিচ্ছেন পছন্দের পণ্যটি। অনেকে বেড়ানোর উদ্দেশ্যে মেলায় এলেও আকর্ষণীয় সব পাটপণ্য দেখে না কিনে থাকতে পারেননি।

নান্দনিক এসব পাটপণ্য দেখে উচ্ছ্বসিত লামিয়া আহমেদ। তিনি বলেন, 'পাটের তৈরি পণ্য এত নিঁখুত ও সুন্দর হয়, তা মেলাতে না এলে কখনোই জানতে পারতাম না। এ রকম মেলা আরো আগেই হওয়া উচিত ছিল।' পাটপণ্যের ব্যবহার বাড়ানো এবং মানুষের মাঝে সচেতনতা তৈরির জন্য বেশি বেশি প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

আলিফ মাহমুদ নামের একজন শিক্ষার্থী পাটের তৈরি পোশাক নিয়ে বলেন, অনেক সুন্দর এবং স্মার্ট পাটের পোশাক। পাটের উপাদানে তৈরি মুজিব কোট কেনার আশা প্রকাশ করে তিনি জানান, মেলায় একটি মুজিব কোট ও একটি ক্যাপ খুব পছন্দ হয়েছে তার।

নিজেদের পণ্যের প্রচার ও প্রসারের জন্যই মূলত মেলায় অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে বিক্রিও মন্দ হচ্ছে না। পাটপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেচারটেক পাটের তৈরি লাঞ্চ ব্যাগ, শপিং ব্যাগ, লেডিস ব্যাগ, ট্রাভেল ব্যাগ, লেডিস পাউসসহ বাহারি ডিজাইনের ব্যাগ নিয়ে এসেছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বোরহান উদ্দিন বলেন, 'বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) থেকে প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করেছিলাম। পর্যায়ক্রমে ব্যবসার পরিধি বেড়েছে। প্রথমবারের মতো মেলায় অংশ নিয়েছি। মেলায় বেচাবিক্রিও হচ্ছে ভালো।' কয়েকটি পণ্যের অর্ডারও পেয়েছেন বলে জানান তিনি।

মেলায় পাটপণ্যের তৈরি গৃহসজ্জার পাশাপাশি নারীদের বিভিন্ন অলংকারও পাওয়া যাচ্ছে। গলার হার, চুড়ি, কানের গহনা, নাকের গহনা, পার্স পাওয়া যাচ্ছে। মেলায় আরো রয়েছে শো-পিস, টিস্যু বক্স, খেলনা, ফুল, ফুলদানি, ওয়ালমেট, ফটোফ্রেমসহ নানান পণ্য। আছে আলোকসজ্জার বাতি, দোলনা, সিকা, ঝুলানো ফুলদানি, ফুলের টব, পুতুলসহ বাচ্চাদের বাহারি খেলনা সামগ্রী।

পাটপণ্যের বিশাল পসরা নিয়ে বসেছে বাংলাদেশ পাট গবেষণা ইনিস্টিটিউটের স্টল। তবে মেলার সব পণ্যের মধ্যে পাটের তৈরি ঢেউটিন, পাটের পাতার চা আর পাটের তৈরি পলিথিন ব্যাগ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সবাই পাটের পাতার চা পান করছেন, আর জেনে নিচ্ছেন কীভাবে এই চা তৈরি করতে হয়।

পাট দিয়ে ঢেউটিন বানানো সম্ভব, এটাও অবাক করার মতো বিষয় ছিল দর্শনার্থীদের কাছে। পাটের পলিথিনের ব্যাগ সবাই হাতে নিয়ে দেখছেন। বাজারের পলিথিনের মতোই দেখতে। এ ছাড়া পাটের তৈরি ব্যাগ, কাপড়সহ স্টলে রয়েছে হরেক পণ্য।

মেলায় অংশ নিয়েছে পাটপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান সোনালী আশঁ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি মেলায় পাটের তৈরি নানা আসবাব ও তৈজসপত্র প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে জুট ফেব্রিক্স, জুট ব্যাগ, সোফা কভার, বেডশিট, জুট সুজ, জ্যাকেট ইত্যাদি।

পাটের শাড়ি, টেবিল ম্যাট, শতরঞ্জি, বাস্কেট, ল্যাপটপ ব্যাগ, জুতো, গিফট আইটেমসহ প্রায় ১৮ থেকে ২০ আইটেমের পাটজাত পণ্য প্রস্তুত ও বাজারজাত করে জারমাটজ লিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান বলেন, 'আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। জার্মানি, ইউরোপসহ বিভিন্ন দেশে আমাদের পণ্য রপ্তানি করা হয়।' এ ধরনের মেলা পাটশিল্পের সোনালি যুগ ফিরিয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৬ মার্চ দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় পাট দিবস। 'সোনালি আঁশের সোনার দেশ, পাটপণ্যের বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হয় দিবসটি। পাট দিবস উপলক্ষে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে ৯ মার্চ থেকে তিন দিনের পাটপণ্য মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাটজাত পণ্যের ব্যবহার শতভাগ নিশ্চিত করা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদা বাড়ানোর লক্ষ্যেই মূলত মেলার আয়োজন।

পাট ও বস্ত্র মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় বাংলাদেশ পাটকল কর্পোরেশন, জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটসহ পাটশিল্প সংশ্লিষ্ট ৫৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানায় বাংলাদেশ পাটকল কর্পোরেশন।

(ঢাকাটাইমস/১০মার্চ/এসএস/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা