করোনার সংক্রমণ থেকে সেরে ওঠার পরেও পার্শ্ব প্রতিক্রিয়া থাকে দীর্ঘদিন

অনেকেই মনে করছেন করোনাভাইরাসে একবার আক্রান্ত হলে ফের বুঝি আক্রান্ত হওয়ার আশংকা নেই। আবার কেউ কেউ ভাবছেন দুই ডোজ টিকা নিলে করোনা শরীরে বাসা বাঁধতে পারে না। কিন্তু এসব চিন্তা যারা করছেন তাদের জন্য দুঃসংবাদ। একবার করোনা হলে ফের সংক্রমণের আশংকা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, করোনা সংক্রমণ এক বার হলে শারীরিক জটিলতা নানা ভাবে দেখা দিতে পারে।
করোনা হয়ে সুস্থ হয়ে যাওয়ার তিন মাস পরও করোনা রোগীদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। চিকিৎসকরা এই ধরনের সমস্যাকেই ‘লং কোভিড’ বলে থাকেন।
বহু করোনা রোগী সেরে ওঠার মাস তিন-চার পরও আগের মতো স্বাদ-গন্ধ পাচ্ছেন না। ডেল্টা রূপের করোনার দ্বারা সংক্রমিত হওয়ার পর অনেকের গন্ধের অনুভূতি ফিরতে অনেকের সময় লেগে গিয়েছে প্রায় তিন-চার মাস। তাও সম্পূর্ণ ফেরেনি।
এছাড়াও, ক্লান্তি, পিঠে ব্যথা, মাথা ব্যথার মতো সমস্যা অনেকেই অনেক দিন পর্যন্ত অনুভব করেছেন। কোনও কোনও রোগীর উদ্বেগের সমস্যা বেড়েছে। আর যাদের কাশি হয়েছে, তা ছাড়তে লেগে গিয়েছে মাসের পর মাস।
ওমিক্রনের সংক্রমণ সবে ছড়াতে শুরু করেছে বিভিন্ন দেশে। তাই কোনও দেশের চিকিৎসকই এখনও ওমিক্রণ সংক্রান্ত নির্দিষ্ট উপসর্গের কথা আলাদা করে বলছেন না। তবে ওমিক্রনে সংক্রমিত হয়ে সেরে ওঠা অনেকেই কাশি না যাওয়ার কথা বলছেন। রোগীদের ক্লান্তিও কাটছে না বলে জানাচ্ছেন বিভিন্ন দেশের চিকিৎসক।
(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































