হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫

রাজধানীর হাতিরঝিল এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।
বুধবার দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত এডিসি মাহফুজ্জামান সরকারের শরীরের বিভিন্ন স্থানে ১৭টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, ডিউটি শেষে বাসায় ফেরার সময় একটি গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে এডিসি মাহফুজ্জামান সরকারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তাররা একটি বারে মদ্যপান শেষে বের হয়েছিলেন। চলাচলের সময় তাদের গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির ঘটনা ঘটে। এ সময় তারা এডিসির গাড়ি রোধ করেন। গাড়ির সামনে পুলিশের লোগো দেখে তারা আরও উত্তেজিত হয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন।
তিনি আরও জানান, একপর্যায়ে তারা ফোন করে আরও লোকজন ডেকে আনেন। পরে ২০ থেকে ২২ জনের একটি দল ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হামলাকারীরা মূলত ব্যবসায়ী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































