পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনামুখী সরকারি চাকরিজীবীরা, পুলিশের টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় অবস্থান নিয়েছেন সরকারি কর্মচারীরা।
শুক্রবার বেলা সোয়া ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশ মুখে এগিয়ে যেতে থাকেন তারা। এ সময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা। এর কিছুক্ষণ পর আন্দোলনকারীদের ওপর পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। তবে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের দিকে এগিয়ে যান।
এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। এরপর সেখান থেকে যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, অন্যথায় তারা বাড়ি ফিরবেন না।
তাদের অভিযোগ, বিগত দিনে বারবার আশ্বাস দেয়া হলেও গেজেট প্রকাশ না করায় ক্ষোভ জানান তারা। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না হওয়ায় অবিচার করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































