২৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা, স্টল ভাড়া লাগবে না

অবশেষে নির্ধারিত হলো অমর একুশে বইমেলার নতুন সময়সূচি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর সঙ্গে প্রকাশকদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সংশ্লিষ্টরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারের মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম জানান, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে আয়োজক বাংলা একাডেমি এবারে বেশ কিছু বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—প্রকাশকদের কোনো স্টল ভাড়া দিতে হবে না। তবে জায়গার সীমাবদ্ধতা ও ব্যবস্থাপনার কারণে এবার কোনো প্যাভিলিয়ন রাখা হচ্ছে না।
সূত্র জানায়, নির্বাচনী ব্যস্ততার কারণে ফেব্রুয়ারির শুরুতে মেলা আয়োজন সম্ভব হয়নি। প্রথমে ২০ ফেব্রুয়ারি উদ্বোধনের পরিকল্পনা থাকলেও রমজানে পাঠক সমাগম কমার আশঙ্কায় মেলার স্থায়িত্ব সীমিত করে নতুন করে ২৫ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে তিন শতাধিক প্রকাশকের প্ল্যাটফর্ম ‘প্রকাশক ঐক্য’ ঈদের পর মেলা আয়োজনের দাবি জানালেও শেষ পর্যন্ত মন্ত্রণালয় ও প্রকাশকদের মধ্যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মেলা শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে।
প্রতি বছর ঐতিহ্য অনুযায়ী ১ ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা এবারের বিশেষ প্রেক্ষাপটে পিছিয়ে দেওয়া হলেও পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে জমজমাট আয়োজনের প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































