২৬ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণীজনদের হাতে পদক তুলে দেবেন।
এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং মেলার উদ্বোধন ঘোষণা করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, উভয় অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সরকার সম্পূর্ণ মওকুফ করেছে, যা প্রকাশক এবং পাঠক উভয়ের জন্য সুবিধাজনক হবে।
সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, মেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান দেশের সাহিত্য, সংস্কৃতি ও শিল্প ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে একটি বিশেষ দিনের মর্যাদা বহন করবে।
(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































