অবশেষে সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোহন রায়হান

নানা আলোচনা–সমালোচনার পর অবশেষে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ মার্চ সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁকে এ পদক প্রদান করা হবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কার ঘোষণার পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ সমালোচনা ওঠায় তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।’
অভিযোগগুলো পর্যালোচনার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযোগসমূহ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































