কোটি টাকা আত্মসাতের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠান নাহিদ এন্টারপ্রাইজ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিবুল হাসান রাজিব (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা
চকবাজার থানার এসআই মো. হারুন বলেন, ‘১০ কোটি টাকার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আদালতের অনুমতিতে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে।
এ ছাড়া তার বিরুদ্ধে আরো কী কী ধরনের মামলা রয়েছে আমরা খোঁজ নিচ্ছি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসিবুলের বিরুদ্ধে আরো একাধিক প্রতারণা ও জাল-জালিয়াতির মামলাসহ জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে।
হাসিবুল কোম্পানি থেকে আত্মসাৎ করা টাকা দিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ছয়তলা বিলাসবহুল বাড়ি করেছেন, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন জায়গায় প্লট ও ফ্ল্যাটের শেয়ার কিনেছেন।
কোম্পানির বর্তমান কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, হাসিব খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। বিভিন্ন সময় কোম্পানির সাথে প্রতারণা করেছে।
এখানে এসে চাকরির সুবাদে তার কাছে কোম্পানির অনেক হিসাব-নিকাশ থাকত। সেই সুযোগে কোম্পানির বিপুল পরিমাণ অর্থ সরিয়ে ফেলেন। টাকা সরানোর পর তা জানাজানি হলে তিনি আর কখনো অফিসে চাকরি করেননি। এ বিষয়ে চকবাজার থানায় প্রতারণা মামলার একাধিক অভিযোগ ও জিডি করা হয়।
নাহিদ এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. কেতাব আলী জানান, হাসিবের কাছ থেকে কোম্পানি টাকা উদ্ধার করতে আইনের আশ্রয় নিলে হাসিব বিভিন্ন সময় সুযোগ বুঝে কোম্পানির একাধিক কর্মীর ওপর হামলা করেন। একই সঙ্গে কোম্পানির নামে নানা প্রকার মিথ্যা অপপ্রচার চালিয়েছেন।
চকবাজার থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আর্থিক প্রতারণার মামলায় হাসিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাকে তিনদিনের রিমাণ্ডে নেওয়া হচ্ছে।(ঢাকা টাইমস/১১মার্চ/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































