কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটর রাকিবকে গুলি, কুপিয়ে হত্যা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক কনটেন্ট ক্রিয়েটরকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করার পর ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত রাকিবুল ইসলাম শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
ঢাকা মেডিকেলের অফিসার ইনচার্জ মোহাম্মদ ফারুক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার রাত ১০টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রক্তাক্ত অবস্থায় রাকিবকে হাসপাতালে নিয়ে যাওয়া জি এম ইশান সাংবাদিকদের বলেন, 'আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।'
আহত রাকিবের বন্ধু মো. রনি বলেন, ‘রাকিব কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের দিকে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই শহীদ মিনার এলাকা থেকে লোকজন এক যুবককে আটক করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































