যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আনুমানিক ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম–খোকন শরীফ।
বুধবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকালে মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল দুপুরে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্নের নিকটবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব সদস্যরা পিকআপ গাড়ির ভেতরে বিশেষ পদ্ধতিতে রাখা প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধারসহ খোকন শরীফ নামেত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-১২-৩৭৭৬ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত পিকআপ গাড়িটি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































