সৈয়দ ইবরাহিমের জালিয়াতির বিরুদ্ধে ফরচুন শপিংমলের দোকান ও অ্যাপার্টমেন্ট মালিকদের মানববন্ধন

ঢাকার ফরচুন শপিংমল ও অ্যাপার্টমেন্ট প্রকল্প ঘিরে দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন দোকান মালিক, সাধারণ ব্যবসায়ী ও অ্যাপার্টমেন্ট মালিকরা।
রবিবার ফরচুন শপিংমলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযোগে বলা হয়, কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ফরচুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুল আরিফ বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন না করে অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন। বক্তারা দাবি করেন, সাব-কবলা চুক্তির চেয়ে বেশি অর্থ নেওয়া হলেও প্রকৃত মালিকদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়নি।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, কমন স্পেস, ছাদ, কমিউনিটি হল ও পার্কিংসহ বিভিন্ন অংশ জালিয়াতির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং ফ্ল্যাট ও দোকান মালিকদের হয়রানি করা হচ্ছে।
বক্তারা ৯ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— কমন স্পেস ফিরিয়ে দেওয়া, সম্পূর্ণ মূল্য পরিশোধিত ফ্ল্যাটের রেজিস্ট্রেশন সম্পন্ন করা, অসমাপ্ত কাজের ব্যয় ফেরত দেওয়া, চুক্তি অনুযায়ী সব সুবিধা নিশ্চিত করা, এবং কথিত জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের তদন্ত ও ব্যবস্থা গ্রহণ।
এ ছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তদন্ত এবং সংশ্লিষ্ট মামলাগুলোর সুষ্ঠু তদন্তের দাবিও জানানো হয়।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১০ দিনের মধ্যে দাবি পূরণ না হলে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করা হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ফরচুন ফাউন্ডেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দোকান মালিক সমিতির সভাপতি গোলাম গাউস আযম চঞ্চল।
এতে আরও বক্তব্য দেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির, অ্যাপার্টমেন্ট মালিক সমিতির সভাপতি মোতাহার হোসেনসহ অন্যরা।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































