ধানমন্ডিতে মুক্ত আসর ও আমিই নজরুল আয়োজন 'বৈশাখ মঙ্গল উৎসব'

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হলো ‘বৈশাখ মঙ্গল উৎসব’। গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখে বিকেল সাড়ে চারটায় যৌথভাবে এ আয়োজন করে মুক্ত আসর ও আমিই নজরুল। অনুষ্ঠানে আলোচনা, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছর।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভূ-পর্যটক ও লেখক মহুয়া রউফ এবং মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদসহ অনেকে।
মহুয়া রউফ বলেন, বৈশাখের আবহে এমন আয়োজন অত্যন্ত প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। আবু সাঈদ তার বক্তব্যে বলেন, “নববর্ষের প্রথম দিনে আমরা মঙ্গল উৎসবের আয়োজন করেছি। আমাদের প্রত্যাশা—বাংলাদেশের মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হোক, ভেদাভেদ দূর হয়ে সাম্যের বার্তা ছড়িয়ে পড়ুক।” তিনি আরও জানান, নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলাম-এর সাম্যবাদী আদর্শ তুলে ধরাই তাদের লক্ষ্য।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন গণেশ চন্দ্র মণ্ডল, ইশরাত জাহান, সবিতা মল্লিক, শায়লা রহমান ও তাসনুভা হক। তারা বিভিন্ন দেশাত্মবোধক ও নজরুলসংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
কবিতা আবৃত্তি পর্বে কাজী নজরুল ইসলাম-এর ‘কাল বৈশাখী’ কবিতা আবৃত্তি করেন আইরিন সুলতানা এবং জসীম উদ্দীন-এর ‘আমার বাড়ি’ কবিতা আবৃত্তি করেন ইয়াতুননেসা রুমা।
শেষে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়শা জাহান নূপুর।
এ আয়োজনের সহযোগিতায় ছিল স্বপ্ন ৭১, কাঠবিড়ালি প্রকাশন ও বইচারিতা।
(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































