রাজধানীতে ভোর থেকে ঝুম বৃষ্টি, নগরজীবনে স্বস্তির পাশাপাশি ভোগান্তি ও জলজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪২| আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬
অ- অ+

রাত থেকেই ঘন কালো মেঘে ঢাকা ছিল রাজধানীর আকাশ। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় টানা ঝুম বৃষ্টি, এতে ঢাকার স্বাভাবিক জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়ে। বৃষ্টি স্বস্তি দিলেও সকালবেলার কাজে বের হওয়া মানুষজন পড়েন চরম ভোগান্তিতে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে বৃষ্টি শুরু হলে অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের চলাচল ব্যাহত হয়। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে কাছাকাছি দোকান ও ভবনে আশ্রয় নিতে বাধ্য হন।

যাদের সঙ্গে ছাতা ছিল, তারাও পুরোপুরি রক্ষা পাননি। বিশেষ করে প্যান্ট ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং একাধিক এলাকায় সৃষ্টি হয় জলজট।

বৃষ্টির কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের পাশাপাশি জনজীবনে স্বাভাবিক গতি ব্যাহত হয়। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে সাধারণ মানুষকে বাড়তি সময় ও ভোগান্তি পোহাতে হয়।

উত্তরা এলাকায় বাসে ওঠার সময় বেশ কিছু যাত্রীকে ভিজে যেতে দেখা যায়। স্কুলগামী শিক্ষার্থীদেরও বৃষ্টির মধ্যে পথ চলতে হয়েছে।

উত্তরা এলাকায় বাস যাত্রী রেজা হোসেন জানান, সকালে হঠাৎ করে আকাশ এতটাই অন্ধকার হয়ে আসে যে মনে হচ্ছিল সন্ধ্যা নেমেছে।

অন্যদিকে, কারওয়ান বাজারগামী কর্মজীবী নারী মিতা বলেন, অফিসে যাওয়ার পথে রিকশা পেতে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যেতে বাধ্য হন তিনি।

আরেক নারী কর্মজীবী বলেন, ছাতা থাকা সত্ত্বেও বৃষ্টিতে ভেজা এড়াতে পারিনি। তবে ভোগান্তি হলেও গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছি।

রাজধানীতে টানা বৃষ্টির ফলে কারওয়ান বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর সঙ্গে তীব্র যানজটও দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে অফিসগামীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই বাসা থেকে বের হলেও যানজট ও ধীরগতির কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন না বলে শঙ্কা প্রকাশ করেছেন।

রাস্তায় দীর্ঘক্ষণ বাস ও রিকশার জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ফলে অনেকেই বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি প্রভাব ও বজ্রমেঘের কারণে এ ধরনের বৃষ্টি হতে পারে এবং আগামী দিনগুলোতেও আবহাওয়ায় পরিবর্তন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া ও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে এ পরিস্থিতি বিরাজ করতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

বিশেষ করে দেশের উত্তর, মধ্য ও উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি বেশি থাকবে।

(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা