নিখোঁজের পর এটিএম লেনদেন, এসআই রাকিবুলকে ঘিরে রহস্য বাড়ছে!

রাজধানীর কলাবাগান থানার ব্যারাক থেকে নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও এসআই রাকিবুল হাসান সরকারের (৩২) সন্ধান মেলেনি। তবে নিখোঁজের পর তার এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের তথ্য পাওয়ায় ঘটনাটি এখন নতুন করে রহস্যের জন্ম দিয়েছে।
গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ব্যারাক থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন বলে জানা গেছে। কলাবাগান থানায় কর্মরত এই এসআই এর খোঁজে শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নিখোঁজ হওয়ার পরদিন ২৯ এপ্রিল রাজধানীর গুলিস্তানে একটি ব্যাংকের এটিএম বুথ থেকে এসআই রাকিবুল ৫ হাজার টাকা উত্তোলন করেন। একই দিনে চকবাজার এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি সক্রিয় ছিল বলেও প্রযুক্তিগতভাবে নিশ্চিত হওয়া গেছে।
এটিএম লেনদেন ও মোবাইল লোকেশন বিশ্লেষণে তদন্তকারীরা ধারণা করছেন, তিনি জোরপূর্বক নিখোঁজ নাকি স্বেচ্ছায় আত্মগোপনে গেছেন—এ বিষয়টি এখনও স্পষ্ট নয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, “নিখোঁজের পর থেকেই তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। কিছু প্রযুক্তিগত তথ্য পাওয়া গেছে, তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।”
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল বিকেলে ব্যারাক থেকে বের হন এসআই রাকিবুল। কিছু সময় পর তিনি আবারও ব্যারাকে ফিরে আসেন। পরে রাত পৌনে ৮টার দিকে ‘নাইট ডিউটি’র কথা বলে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। তদন্তকারীরা বলছেন, প্রাথমিকভাবে ব্যক্তিগত বা পারিবারিক কারণে আত্মগোপনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































