ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে কোনো অবস্থাতেই অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
শনিবার (২ মে) রাজধানীর পরীবাগে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে দেশের সব জেলা শাখা ও ইউনিটে নির্দেশনাটি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কফিল উদ্দিন আহম্মেদ এবং সঞ্চালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম। সভায় গণপরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা শেষে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রথমত, সারা দেশে ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি যানজট ও দুর্ঘটনাসহ সংশ্লিষ্ট সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ দেবে।
দ্বিতীয়ত, গণপরিবহন ও পণ্য পরিবহনে এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ করায় মালিকরা আর্থিক চাপে পড়েছেন বলে সভায় উল্লেখ করা হয়। পাশাপাশি টায়ার-টিউবসহ যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করা হয়। এ অবস্থায় বর্ধিত আয়কর কমানো এবং যন্ত্রাংশে শুল্ক হ্রাসের দাবি জানিয়ে সরকারের সঙ্গে আলোচনা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃতীয়ত, সংগঠনকে আরও শক্তিশালী করতে দেশের সব বৈধ পরিবহন সংগঠনকে এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে সভা আয়োজন করে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ কেন্দ্রীয় নেতারা।
ঈদকে সামনে রেখে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে যাত্রী ভোগান্তি কমবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/৩ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































