ঈদের ছুটিতেও ঢাকার বাতাস ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’

ঈদুল আজহার ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা। সড়কে যানবাহনের চাপ কম, শিল্পকারখানার কার্যক্রমও সীমিত। তারপরও ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ১১০। এই মানকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম।
সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে শিশু, বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং শ্বাসকষ্ট বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বায়ু মানে এসব মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, কোনো শহরের একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাস ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয় বা মাঝারি। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
আজকের তালিকায় সবচেয়ে দূষিত শহর ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির একিউআই ছিল ১৭৬। ভারতের কলকাতা ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। এ ছাড়া জাকার্তা, সান্তিয়াগো, সাংহাই ও লাহোরও দূষিত শহরের তালিকায় ছিল ঢাকার ওপরে বা কাছাকাছি অবস্থানে।
অন্যদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বাতাসের মান ছিল সবচেয়ে ভালো। শহরটির একিউআই ছিল মাত্র ১১।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে সাধারণত বৃষ্টির কারণে বায়ুদূষণ কিছুটা কমে আসে। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বৃষ্টি হলেও ঢাকার বাতাস নিয়মিত ভালো থাকছে না।
নগরজুড়ে নির্মাণকাজ, সড়কের ধুলা, যানবাহনের ধোঁয়া এবং আশপাশের শিল্পকারখানার দূষণ এ পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন তাঁরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































