ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে চলছে পশু কোরবানি

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি চলছে।
শুক্রবার সকাল থেকে ঢাকার অলিগলি, বাসাবাড়ির গ্যারেজ ও খোলা জায়গায় গরু ও খাসি জবাই এবং মাংস কাটাকাটিতে ব্যস্ত সময় পার করছেন অনেকে।
রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, ধানমন্ডি, ইস্কাটন ও বাংলামোটর এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিনেও বিপুলসংখ্যক মানুষ কোরবানি দিচ্ছেন। কেউ পারিবারিক রীতি অনুসরণ করে দ্বিতীয় দিনে কোরবানি করছেন, আবার কেউ ঈদের দিন কসাই না পাওয়ায় এদিন পশু জবাই করছেন।
গতকাল বৃহস্পতিবার ঈদের নামাজের পরপরই রাজধানীতে কোরবানি শুরু হয়। তবে প্রথম দিনে কসাই সংকট থাকায় অনেকে দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করেন।
মোহাম্মদপুরের তাজমহল রোডে কাজ করা কসাই রহমত বলেন, বৃহস্পতিবার দুপুরেই তাকে শুক্রবারের কাজের জন্য ডাকা হয়। সকাল থেকে কয়েকটি গরু জবাই ও মাংস কাটার কাজ করছেন তিনি।
এদিকে কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় আহত হওয়ার ঘটনাও ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) মিলিয়ে শতাধিক মানুষ চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, অনেকে পশুর লাথিতে আহত হয়েছেন। আবার কেউ চামড়া ছাড়ানো বা মাংস কাটার সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বেশি আহত বলেও জানা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































