সামগ্রিক উন্নয়নের জন্য সবার আগে শিক্ষাখাতে মনোযোগ জরুরি: কাদের গনি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৫৬| আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ২০:৫০
অ- অ+

সব সরকারই শিক্ষা খাতের বাজেট বরাদ্দে উদাসীনতা দেখিয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের জন্য সবার আগে শিক্ষাখাতে মনোযোগ দেওয়া জরুরি।

আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স হলে আয়োজিত ছাত্রবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বিএফইউজে মহাসচিব। অ্যাসোসিয়েশন ফর ম্যাস অ্যাডভান্সমেন্ট নেটওয়ার্ক-আমান অনুষ্ঠানটি আয়োজন করে।

আমান-এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিগরি ও শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, ইকো ইউএসএ-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জামান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, মানারাত ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মিজানুর রহমান প্রমুখ।

সারা বিশ্বে শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন, ‘শিক্ষা হলো অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। শিক্ষা ছাড়া সভ্যতা আসে না। শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।’

শিক্ষায় সফলতার জন্য যার যার জায়গা থেকে নিজের দায়িত্বটুকু সম্পর্কে যত্নবান হওয়া উচিত বলে মনে করেন কাদের গনি চৌধুরী। বলেন, ‘শিক্ষার উন্নয়নে আমি সব সময় একটি কথা বলি, যার যার দায়িত্ব ঠিকঠাক পালন করলে শিক্ষাক্ষেত্রে আমরা অসামান্য সাফল্য অর্জন করতে পারি। এখানে শিক্ষার্থীদের দায়িত্ব হলো নিয়মিত পাঠে মনোযোগী হওয়া। শিক্ষকদের দায়িত্ব হলো নিয়মিত পাঠদান ও সততার শিক্ষা দেয়া। আর পরিবারের দায়িত্ব সন্তানকে নিয়মিত শিক্ষালয়ে পাঠানো এবং হোমওয়ার্ক ও সন্তান কার সাথে মিশছে নজর রাখা।’

কাদের গনি চৌধুরী সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলায় পরিবারের ভূমিকার কথা তুলে ধরেন। বলেন, ‘পরিবার হলো শাশ্বত বিদ্যালয়, চিরন্তন মাতৃসদন। মানুষ তার সামগ্রিক জীবনে যত জ্ঞান, শিক্ষা, ঐশ্বর্য অর্জন করে তার সূচনাই হয় পরিবার থেকে। তাই সন্তানের মূল্যবোধ, চরিত্র, চেতনা ও বিশ্বাস জন্ম নেয় পরিবার থেকেই।’

একাডেমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে শিক্ষিত হওয়া যায়, কিন্তু পরিবার থেকে সুশিক্ষা না পেলে জ্ঞানের পূর্ণতা আসে না, অর্জিত সব জ্ঞান-গরিমাই ম্লান হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে অভিভাবকদের সতর্ক থাকার জায়গাটিও তুলে ধরেন এই শীর্ষ সাংবাদিক নেতা, ‘ঘরের পরিবেশ ভালো বলেই যে সন্তান সভ্য-ভদ্র ও আদর্শবান হবে—এমন ভেবে নিশ্চিন্ত বসে থাকা ঠিক নয়। তাই সন্তান বাইরে কাদের সঙ্গে মেশে, বন্ধুত্ব করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে সব সরকারের উদাসীনতার কথাও উঠে আসে বিএফইউজে মহাসচিবের বক্তব্যে। তিনি বলেন, ‘শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু বাজেটের ১২ শতাংশের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শিক্ষা খাতের বরাদ্দ। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দিক থেকেও শিক্ষা খাতের বরাদ্দ ২ শতাংশের ঘরে আটকে আছে।’

এ সময় ভুটান, নেপাল, আফগানিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মিয়ানমারের উদাহরণ দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, এসব দেশের চেয়ে বাংলাদেশে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কম। বাংলাদেশে ইউনসেকোর চাওয়া ছিল জিডিপির হিসাবে ৪ থেকে ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া। কিন্তু এর ধারেকাছেও যাওয়া যায়নি কখনো।’

কারিগরি ও শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া তার বক্তব্যে দেশের শিক্ষার মানোন্নয়ন নিয়ে বলেন, ‘মানসম্মত শিক্ষার ধারণায় শিশুরা সিলেবাস শেষ করল কি না সেটি মুখ্য বিষয় নয়, শিক্ষার্থীরা কী শিখল সেটি গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছাড়া যেমন শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়, তেমনি মানসম্পন্ন শিক্ষা ছাড়া দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা তথা টেকসই উন্নয়নও সম্ভব নয়।’

বিশ্বব্যাংকের একটি জরিপের কথা উল্লেখ করে ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষার অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘পরীক্ষায় পাসের হার বেড়েছে বটে, কিন্তু মান বাড়েনি। শিক্ষার মান উন্নয়ন ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। সরকারের সঠিক উদ্যোগ ছাড়া এ থেকে মুক্তির উপায় নেই।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩
বৈরী আবহাওয়ায় উপকূলে কোস্ট গার্ডের মাইকিং, সমুদ্রে না যাওয়ার আহ্বান
ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা