বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স পুরস্কার পেলো ইউএস-বাংলা

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স দ্বিতীয়বারের মতো ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড ২০২৬ (টিটা)’ অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
রোববার (১৭ মে) আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং টোয়াব সভাপতি রাফিউজ্জামানের কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ। সংস্থাটি দেশের অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল করছে। এসব গন্তব্যের মধ্যে রয়েছে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই ও আবুধাবি, ওমানের মাস্কাট, কাতারের দোহা, চীনের গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মালদ্বীপ, ভারতের কলকাতা ও চেন্নাই।
যাত্রীসেবার মান উন্নয়নে খুব শিগগিরই ইউএস-বাংলার বহরে আরও তিনটি ন্যারোবডি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কলম্বো, মদিনা, দাম্মাম ও কুয়েত রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
দেশীয় ও আন্তর্জাতিক এভিয়েশন খাতে ধারাবাহিক সাফল্য, নিরাপদ ভ্রমণ এবং মানসম্মত যাত্রীসেবার স্বীকৃতি হিসেবে এই অর্জন নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
(ঢাকাটাইমস/১৮ মে/জেবি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































