বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১৭:৪০
অ- অ+

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান মৌসুমি বৃষ্টিজনিত বন্যার কারণে কোনো এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন করতে সরকার প্রস্তুত রয়েছে।

তিনি আজ সংসদে পটুয়াখালী-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. শফিকুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, বর্ষা মৌসুম জুড়ে দেশের সব পরীক্ষাকেন্দ্র শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

মন্ত্রী বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে বন্যার পানি প্রবেশ করলেই পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্য স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে কেন্দ্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'এ পর্যন্ত শুধু কুমিল্লা সরকারি কলেজেই উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছে। কলেজ প্রাঙ্গণ প্লাবিত হওয়ায় সেখানে জটিলতা সৃষ্টি হয়েছে।' তবে কয়েকটি কেন্দ্রে পানি প্রবেশ করলেও কর্তৃপক্ষ দ্রুত কেন্দ্র স্থানান্তর করে পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেছে।

মিলন বলেন, সরকার পরীক্ষা নিয়ে অত্যন্ত আন্তরিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো শিক্ষার্থী যাতে বঞ্চিত না হয়, সে বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশের পর প্রশাসনিক ত্রুটির কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে, তাহলে সরকার বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রয়োজন হলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে।

মন্ত্রী বলেন, 'চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আমরা ইতোমধ্যে এমন ব্যবস্থা নিয়েছি এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও সেই সুযোগ থাকবে।'

তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের মধ্যেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন।

তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো ভুল বা ঘাটতির কারণে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে না পারলে পুনঃপরীক্ষা আয়োজনের বিধান রয়েছে।

মন্ত্রী বলেন, 'এই শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। কোনো অবস্থাতেই আমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না এবং করবও না।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা