সিরাজ শিকদার উপলব্ধি করেছিলেন বাংলাদেশ ভারতের করদরাজ্যে পরিণত: রাশেদ প্রধান

বাংলাদেশ ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে- এমনটা উপলব্ধি করেছিলেন সিরাজ শিকদার এবং তার ‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লব দমন করার জন্য’ তাকে তৎকালীন সরকার হত্যা করে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
শুক্রবার (২ জানুয়ারি) মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে সিরাজ শিকদারের ৫১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে এ মন্তব্য করেন জাগপা নেতা।
রাশেদ প্রধান বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদার বিজয়ের পরেই উপলব্ধি করেছিলেন, বাংলাদেশ ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছে। সিরাজ শিকদারের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেফতারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়।’
জাগপা মুখপাত্র বলেন, ‘যুগে যুগে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় শহীদ হতে হয়েছে সিরাজ শিকদার, আবরার ফাহাদ ও ওসমান হাদীর মতো দেশপ্রেমিকদের।’
রাশেদ প্রধান হুঁশিয়ার করেন, ‘আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগররা যদি হিন্দুস্তানের সামনে মাথানত করতে চায়, তবে তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে। দেশের তরুণ সমাজ কখনো মাথানত করতে রাজি নয়।’
এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম প্রমুখ।
(ঢাকাটাইমস/২জানুয়ারি/জেবি/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































