তেঁতুলিয়ার নয়াবাড়ি থেকে রাষ্ট্রের শীর্ষ পদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, রাজনীতিতে পথচলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রত্যন্ত গ্রাম নয়াবাড়ি থেকে উঠে এসে দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই আইনজীবী দুইবার জাতীয় সংসদের স্পিকার এবং দুই দফায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।
আজ রবিবার (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তার মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৩১ সালের ১ ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। তার বাবা মৌলভী মুহম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেছা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান তিনি। সেখানে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে আইন পেশায় যুক্ত হয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে পরিচিতি পান।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে। পরবর্তী সময়ে তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ‘জাগদল’ গঠনের সময় তিনি এতে যোগ দেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য হন। শুরু থেকেই বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর আগে ও পরে তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালের নির্বাচনে তিনি সংসদে প্রতিনিধিত্ব করেন।
তিনি পঞ্চগড়-১, ঢাকা-৯, বগুড়া-৬ ও দিনাজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রী নূর আখতার। তাদের এক কন্যা নিলুফার জমির এবং দুই পুত্র নওশাদ জমির ও নওফল জমির। তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।
দীর্ঘ রাজনৈতিক ও আইনজীবী জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্র, আইন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































