প্রশংসিত শাকিলা সাকির ‘পিরিতের বাজার’, কীভাবে যুক্ত হলেন এ গানে?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ১৩:৩৩| আপডেট : ২৪ জুন ২০২৪, ১৩:৪২
অ- অ+

বর্তমান সময়ের জনপ্রিয় একজন গায়িকা শাকিলা সাকি। আধুনিক, মেলোডিয়াস, মডার্ণ ও ক্লাসিক্যাল গান দিয়ে এরইমধ্যে শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছেন তিনি। গান গেয়েছেন সিনেমাতেও। সেই ধারাবাহিকতায় এবার সাকি আলোচনায় তার নতুন গান ‘পিরিতের বাজার’-এর জন্য।

গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’। ‘পিরিতের বাজার’ এই সিনেমারই আইটেম গান। পর্দায় শাকিলা সাকির এই ঝড় তোলা গানের সঙ্গে কোমর দুলিয়েছেন নবীন অভিনেত্রী আলিশা ইসলাম। গানটির কথা, সুর ও সংগীত করেছেন নাদিম ভূঁইয়া।

ইউটিউবে প্রকাশের পর থেকে শাকিলা সাকির ‘পিরিতের বাজার’ বেশ প্রশংসিত হচ্ছে। সাদিয়া জাহিন সুহা নামে এক নারী নেটজেন লিখেছেন, ‘অসাম সং’। সেলিম সাকিব নামে একজনের মন্তব্য, ‘সুন্দর গান। জমজমাট।’ মাজনুর রহমান নামে একজন লিখেছেন, ‘গানটা চমৎকার, তবে স্থিরচিত্র বিরক্তিকর।’

মিরাজুল ইসলাম নামে একজনের মন্তব্য, ‘অরিজিনাল আইটেম।’ এভাবে আরও বহু নেটিজেন ইউটিউবে শাকিলা সাকির ‘পিরিতের বাজার’ গানটি শুনে তাদের সুন্দর সুন্দর মন্তব্য জানিয়েছেন, প্রশংসা করেছেন এবং গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভকামনাও জানিয়েছেন।

কিন্তু কীভাবে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমার এই গানটির সঙ্গে যুক্ত হলেন শাকিলা সাকি? রবিবার রাতে রাজধানীর উত্তরার অ্যাভিয়েশন ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আড্ডায় সে কথাই শেয়ার করেন এই সংগীতশিল্পী।

সাকি বলেন, ‘এই গানটির সঙ্গে যুক্ত হওয়া আসলে সিনেমাটির সিক্যুয়েন্স ও চাহিদা অনুযায়ী। মনে হয়েছে যে, গানটা আসলে এই ফিল্মের জন্য পারফেক্ট হবে। আর আমি যেহেতু আধুনিক, মেলোডিয়াস, ক্লাসিক্যাল গান করি, তাই বরাবরই ইচ্ছা ছিল একটু ভিন্ন কিছু করার। সেই ইচ্ছা থেকেই এই গানটির সঙ্গে যুক্ত হওয়া।’

সাকি মনে করেন, ‘একজন শিল্পীর আসলে কোনো ধরণ হয় না। সব ধরনের গানই করতে হয়।’ তিনি বলেন, ‘রাশিদ পলাশ ভাই যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে বললেন, তার ফিল্মের জন্য একটা আইটেম সং দরকার। তখন আসলে আমরা এই গানটা নিয়ে ভাবি এবং কাজ করি।’

গানটি দিয়ে কেমন সাড়া পাচ্ছে- এমন প্রশ্নে সাকি বলেন, ‘‘ময়ূরাক্ষী’ সিনেমাটি রিলিজের আগে থেকেই ‘পিরিতের বাজার’ গানটি নিয়ে বেশ সাড়া পাচ্ছি। কাজ করার পর যারা গানটি শুনেছেন, তারা সবাই প্রশংসা করেছেন। আমরা অনেক সময় রিলিজের আগে গানটা অনেককে শোনাই, যে গানটা কেমন হবে। সেই জায়গা থেকে বরাবরই ভালো রেসপন্স পাচ্ছি। গান রিলিজ হওয়ার পর রেসপন্সটা আরও বেশি পাচ্ছি।’

শাকিলা সাকির এই আইটেম গানে আলিশাসহ মোট ৫০ জন শিল্পী নেচেছেন। এই গানের মাধ্যমে ‘ময়ূরাক্ষী’ সিনেমার একটা থিম বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, প্রেমের ধরণ আগে যেমন ছিল, এখন সেটা বদলে গেছে। স্কুল কিংবা বাসার গলিতে প্রেমিকার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে এখন আর অপেক্ষা করতে হয় না। প্রেমের হাবভাব বদলে গেছে। এ রকম কিছু বিষয়কে মাথায় রেখেই ‘পিরিতের বাজার’ গানটি তৈরি।

এর আগে তুমুল জনপ্রিয় গায়ক তাহসান রহমান গানের সঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমার টাইটেল সংটি গেয়েও ব্যাপক প্রশংসিত হয়েছিলেন শাকিলা সাকি। এই শিল্পীর প্লেব্যাকে আত্মপ্রকাশ ঘটে ‘পাগল তোর জন্য রে’ সিনেমাটির মাধ্যমে। তিনি জানান, গান নিয়ে তার অনেক পরিকল্পনা রয়েছে।

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি গানের প্রতি ঝোঁক ছিল শাকিলা সাকির। সেই ঝোঁক থেকেই তার মধ্যে শিল্পী হওয়ার বাসনা জাগে। সেই বাসনা পূরণে গানের তালিম নেন দুজন শিক্ষকের কাছে। একজন ওস্তাদ আকবর, অন্যজন ওস্তাদ শ্যামল কুমার সরকার। কোর্স করেছেন একাধিক সংগীত প্রতিষ্ঠান থেকেও। এভাবেই শুরু তার সংগীত জীবনের পথচলা।

ছোটবেলা থেকেই বিভিন্ন স্টেজ শো মাতিয়ে রাখতেন সাকি। অনার্সে পড়াকালীন সময়েই গাইতে শুরু করেন বিভিন্ন মিক্সড অ্যালবামে। সিনিয়র শিল্পীদের গান তাকে এ ভূবনে আসতে অনুপ্রাণিত করে। আগ্রহও বেড়ে যায় বহুগুণ। গানের প্রতি সেই আগ্রহ আর ভালোবাসা যে একসময় সাকির পেশা এবং নেশায় পরিণত হবে, তা কি তিনি জানতেন?

(ঢাকাটাইমস/২৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চতুর্থ শ্রেণি থেকে বইয়ে খেলাধুলা নামে নতুন অধ্যায়: ক্রীড়া প্রতিমন্ত্রী
লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪৬
নিখোঁজের পরদিন সুপ্রভাত মদকের পোড়ানো মরদেহ উদ্ধার 
অপহরণের ১৮ দিন পর ছয় বছরের বায়জিদ উদ্ধার