প্রেমিকার সামনেই বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা প্রেমিকের

রাজশাহীতে প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে ও বিষপানে আত্মহত্যা করেছেন এক যুবক। মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, মঙ্গলবার দুপুরে বুলবুল তার প্রেমিকাসহ এক বন্ধুকে নিয়ে একটি রেস্তোরাঁ থেকে বিরিয়ানি পার্সেল নিয়ে বের হয়ে যান। রাস্তায় তার প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় নিজের বুকে ছুরি চালান ওই যুবক। এরপরই তিনি বিষপান করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, নিহত ওই যুবক কী কারণে আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/৯নভেম্বর/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































